হঠাৎ টের পেলাম,
এই মুহুর্তে ভীষণ এক ঝড় উঠবে
আমি বাতাসকে চিনি, সে আজ ভীষণ অস্থির
একটু একটু করে অন্ধকার নামে নগরীর পথে
বুড়ো বটগাছটার পাতার স্তুপে মাতম উঠেছে
আমি দেখতে পাচ্ছি,
ধুলোর ভেতর ছায়া জেগে উঠছে
ধীরে ধীরে সব জানলা বন্ধ হয়ে যায়
সকল দরোজায় কপাট পড়ে সশব্দে,
মেঘেদের মৌন মিছিল অধিকার করে নিচ্ছে
মানুষের আকাঙ্ক্ষিত আকাশ
নাগরিক পাখিদের তাড়াহুড়োতে কোথায় যেন সাইরেন বাজে
সশব্দে চলে যায় বার্তাবাহক গাড়ী
দিনমজুরের দল যাত্রীছাউনির নীচে জবুথবু
ছোট এক টোকাই প্লাস্টিকের থলে হাতে কোথায় যেন চলে যায়
ভিক্ষুকর থালায় উড়ে আসে মেহগনির ফল
কোন এক অন্ধগলির বাসিন্দা ডুকরে কেঁদে ওঠে
বদ্ধ জানলার ওপাশে -
মোমবাতির আলোয় দৃশ্যমান হয় সদ্যেজাতের মুখ;
আর আমি -
কেবল ঝড়ের গন্ধ শুকেঁ দেখি, ঝড় আসছে ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন