সোমবার, ২ নভেম্বর, ২০০৯

রাত্রিচারণ

আমার এই রাতটি বড়ো আপন
যে রাতে তুমি আমায় ছেড়ে গিয়েছিলে
অনেক অনেক আগে
এসে দেখো, আমি সেই নারকেল গাছটার নীচে শুয়ে -
বুকের বোতাম দুটো সেই যে খুলে দিয়ে গেলে
আর লাগাতে পারিনি...
আবার এসেছে হেমন্ত,
আমায় সান্ত্বনা দিতে
প্রকান্ড চাঁদ তার যাবতীয় জোছনা নিয়ে -
আছড়ে পড়ছে খোলা বুকে
দেখলেনা, বুকের শিশিরে চাঁদ জ্বলে কত অদ্ভুত...

ভগ্ন প্রেমিকের বুকের আগুন নাকি কেবল জ্বলতে থাকে
জ্বলতেই থাকে

তোমায় একটা নাম দিয়েছিলাম, মনে আছেতো
নাকি ভুলেই গেছো -
কত রাত, কত জোছনা, কত কত শিশির ভেজানো কবিতা..
কিছুই কি মনে নেই...
অন্যের বুকে কতটাই বা উষ্ণতা
আমি সংক্রান্ত যা কিছু ছিল...
সব কি ঘামের সাথে বেরিয়ে গেছে ..
আমি কাঁদিনি কোনদিন,
সময় পেলে কেবল জোছনায় ভিজি,
খোলা বুকে মশারা চুমুক দেয়..
আমি তো বোতাম লাগাতে পারিনা আর..
সেই যে খুলে গেছ..

পরিত্যক্ত মানুষের নাকি আর ঘর হয়না
কোনদিন না ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন