বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০০৯

যা কিছু সহজ

গাছের পাতারা ভীষণ সহজ, সবুজ
এলোমেলো বাতাসেরা দৌড়োয়,
সহজ তাদের হামাগুড়ি, লুটোপুটি
রোদেরা স্বচ্ছ, সরলরেখায় স্পষ্ট ছায়া কেটে উপুড় হয়ে
শীতল ঘাসে, নিবিড় ধুলোমাটিতে, সহজ ঘুম
পাখিরা দ্রুত ওড়ে, পেট পুরে খায়, ঘুমযায়, সন্ধ্যায়, ছোট্ট বাসায়
পিঁপড়েরা কাজ করে, সকালে - বিকালে, ঘুমায় না, গানও গায় না
ধারালো সাঁড়শিতে কেটে খাবার জমায়, শীতের সহজ সঞ্চয়
চড়াই, টিকটিকি, কুনোব্যাঙ.. সহজ খেলায় মাতে
বালুতে, সিলিঙে, ইটের ফাঁকে.. এই সহজ আবাসে
আর যা কিছু সহজ, তা সহজেই মিশে যায় সহজ বাতাসে,
জলে, মাটিতে, আকাশে আর সহজ পৃথিবীতে ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন