আকাশে তাকাই, ভোর হয়
যেন আনমনা শিশু এক ছড়িয়েছে রং, ছোপ ছোপ মেঘ..
কিছু হাঁস পুকুরের জলে, দুলে দুলে যায় আকাশের গায়ে ভাঁজ ফেলে...
শহরের শরীর আশ্চর্য শীতল.. রোদ আসছেনা...
কাল রাতে ঘুম হলোনা, দেখতে চাইলাম মানুষ কী করে ঘুমোয় ..
কী করে বৈদ্যুতিক পাখার গুঞ্জনের সাথে মানুষের নিঃশ্বাসের শব্দ মিশে যায়..
মেলাতে পারিনা..
রোদের প্রথম ঝলকে দেখি এক পাতাকুড়োনি মেয়ে.. তাকিয়ে আছে নিস্পলক..
লালচে দালানের সারি সারি জানলার শার্শিতে রোদের আনাগোনা বাড়ে...
আকাশে মেঘের কারুকাজ শুরু হয়..
এখন এটিকে অনায়াসে কোন একজন ঈশ্বরের কাজ বলে ধরে নেয়া যায়...
কেন জানি বিতৃষ্ণা বোধ জাগে...
অদ্ভুত এক শূন্যতা ভেতরে কোথাও,
রাতজাগানিয়া সুখ নেই মোটেই..
রোদ বাড়তে বাড়তে চলে যাই... শব্দহীন...
হঠাৎ এক ঝাপটা নোনাজল...
ঝাপসা করে দিল চলার পথ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন