কেউ কি রেখেছে খোঁজ
সাগর শুকোচ্ছে রোজ
বেলাশেষের রাঙা আলোয় তার তীরে
একটা রাঙা পাথর আরও রাঙা হত
তাতে কার কী...
শুধু বিকেলটা হলেই একটা লাল মেঘ..
সেই রাঙা পাথরটার ওপর এসে..
যুতসই কিছু বলতে না পেরে... ঠাঁয় ভেসে থাকত,
গাঙচিলের দল .. মাঝে মধ্যে ঘাড় ঘুরিয়ে দেখে নিত ওদেরকে...
তারপর তো হাওয়া বদলাল,
অবশেষে একদিন.. লাল মেঘ বলে উঠল..
'' এখানে সাগর শুকোয়, কিছু জল উঠে এল,
ওরা যাবে দুরের দেশে,
তুমি... ''
পাথর নির্বাক...
তবু মেঘ অপেক্ষায় থাকে
বালিয়াড়ির ফাঁকে লবণ জমা পড়ে...
লাল কাঁকড়ার বসতি আরো দূরে সরে যায়..
অপেক্ষায় থাকতে থাকতে একসময় মেঘটা চলেও যায়...
আর কোথাকার কোন পাথর
তার খোঁজ আর কে রাখে...
একদিন পাথর ভাঙ্গার লোক আসে...
তারপর..
বিকেলের সেই লাল মেঘটা..
আর কোনদিন খুঁজে পায়না সেই পাথরটাকে।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন