আমার আরোপিত একাকীত্বকে ছিঁড়ে ফেলে, কিছুক্ষণ আগে
স্টীলের বাটিতে গরম দুধ দিয়ে গেছেন আমার আম্মা, তাকিয়ে দেখেছি
বাটি-চামচ-সাদা গরম দুধের ধোঁয়া পেঁচিয়ে পেঁচিয়ে উঠেছে ওপরে...
তারপর বাতাসের সঙ্গে মিশে গিয়ে এক অদ্ভুত গল্প ... এই মুহুর্তে
ধোঁয়াটা বড়ো বেশি সূক্ষ্ম, খুব ভাল করে খেয়াল না করলে দেখাই যায় না,
দুধটা এখনও বেশ গরম.. অপেক্ষা করছি... আপাততঃ খাচ্ছিনা...
দুধ কেন খাবো.. দুধ খেলে কী হয়...
আম্মা কলের ধারে.. বাসন মাজছেন.. কলের হাতলে ধাক্কা মারছেন..
সেই আওয়াজটা অন্যরকম একটা কান্নার শব্দের মতন শোনাচ্ছে...
এখন একাকীত্ব জাপটে ধরেছে আমায়.. আরোপিত নয়.. সহজাত...
তাই কেমন একটা দমবন্ধ করা অনুভূতি... খারাপ বা কষ্ট লাগার কাছাকাছি...
দুধ খেতে ইচ্ছা করছে না.. তবু গিলতে হবে... ধূর...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন