(০৮এপ্রিল,২০০৬)
সাদা কাগজের ওপর কিছু শব্দকে নিয়ে খেলছি..
এভাবেই সময়গুলো বেশ কেটে যায়,
আজকাল নিজের সাথে কথা বলতে শিখেছি -
যেহেতু আমার আর কেউ নেই,
একা থাকার কষ্টটা নয়
একা থাকার লোভটাই বোধহয়
ভালো থাকার সব উপাদান বাষ্পীভূত করে দেয়..
সৃষ্টিছাড়া জঘন্য এক মাথার অসুখ বাঁধিয়েছি,
দেই-দিচ্ছি করেও বহুকাল ভালো করে ঘুমোইনি...
আদৌ কি বেঁচে আছি...
বিষয়-আশয় যা ছিল সব ছুঁড়ে ফেলে
পুড়িয়ে দিয়েছি যাবতীয় সুখ..
এরপরও কখনও কখনও পেছনে তাকাই,
ভাবালুতায় বজ্রেরা কানামাছি খেলে..
তারপর, বলা নেই কওয়া নেই
ঝুপ ঝুপ বৃষ্টি নেমে পড়ে ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন