বিশুদ্ধ একাকীত্বের চাদর পরনে কিছু জীব
মহাকালের কুয়াশাচ্ছন্ন চৌরাস্তায় এসে একটু দাঁড়ালো,তাকালো
প্রথমে ডানে, তারপর বামে, আবার ডানে
রাস্তার ধারে সারি সারি মানবতার ল্যাম্পপোস্ট, কোনও কোনটা বিকল..
অনেক উপরে অন্ধকার, তারা যাকে আকাশ নাম দিয়েছে
দেখা যাচ্ছে না, তবুও তারা ভেবে নিচ্ছে -
তমসা ফুঁড়ে কিছু আলোকবিন্দু তখনও জ্বলজ্বল,ব্যস ওইটুকুই...
যেহেতু পেছনে ফেরা যায়না, তারা এগিয়ে যায় অনন্যোপায়
গন্তব্য ; একটি যৌক্তিক মৃত্যু,
চলতি পথে উষ্ণতার প্রয়োজন পড়বে
একটু পর পর গজিয়ে ওঠা স্টল থেকে ওরা
কয়েক কাপ কড়া প্রত্যাশায় চুমুক দেবে
তারপর আবার হেঁটে যাবে, প্রতিবন্ধকতায় হোঁচট খাবে
ক্লান্তি উড়ে আসবে, গায়ে এসে পড়বে
তবু ওরা এগিয়ে যাবে, ইতিহাস পায়ে মাড়াবে,
প্রত্যেকের কাঁধে এক বোঝা দায়ভার
যার বোঝা যত কম হবে, তার মৃত্যু তত যৌক্তিক আর অর্থবহ হবে
চলনসই একটা মৃত্যু গড়ে নিতে, ওরা সব করবে, স-ব...
পথে চোখে পড়বে আরো অনেক জীব, অসংখ্য, অগণিত
হেঁটে যাচ্ছে গা ঘেঁষে, একটু তফাতে, যেন মিছিলের পর মিছিল,
মাঝে মধ্যে চোখে চোখ পড়ছে, ওরা হাসছে,
ছোট্ট ছোট্ট আলাপচারিতায় মেতে উঠছে,
যে যার কথা বলেই চলেছে, মূলতঃ শুনছে না কেউই.. নাকি শুনছে
শব্দগুলো ছুটে বেরিয়ে যাচ্ছে..
কেউ কেউ আবার হঠাৎই গন্তব্যে পৌঁছে যাচ্ছে
আগ্রহ নিয়ে তাকাচ্ছে কেউ কেউ ..
ওরাও বুকের মধ্যে স্বপ্ন গুঁজে হেঁটে যাচ্ছে,
একটি সুন্দর মৃত্যু, এর থেকে আর সুন্দর কী হতে পারে ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন