কবি হলে আহার্য্য ছিল গনগনে রোদ্দুর
নিতান্ত মানুষ ওরা রোদ ভুলে ছায়াজুড়ে বিদ্যমান,
কবি হলে উপাখ্যান লিখে যেত দূর্বার প্রতিটি পৃষ্ঠায়
পরিপাটি দুঃখবোধ হতে মৃতজন পরিবৃত শহর
নিতান্ত মানুষ বলে নিভৃতে শীতল বাস্তুতে
বেশ্যার বিশ্বস্ত বাহুতে
ভীনগ্রহী ঈশ্বরীকে খুঁজে পাওয়ার ভান করে,
কবি হলে বেদনা কুড়োত এলোমেলো চুলে
নিতান্তই মানুষ তাই উল্লাসে মেতে সুখ খোঁজে
সীমিত অনুভূতিতে সংগীত নয়, ওরা শোনে সাইরেন;
কবির মস্তিষ্কে বিদ্রোহ
আর ওদের শরীরের গল্পে
জৈবিক চরণের নীচে লাল দাগ
দেয়ালিকাময় জমাট রক্তে মানুষের ইতিহাস,
সর্বনাশা প্রাচীন আগুন
ভোগগ্রস্তের রূপোলী হারপুণ ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন