আসে বৈশাখ
দহনে পোড়াতে জীবন
ঝড়ে উড়াতে ঘর
বরণে তবু তার কত আড়ম্বর
কত উচ্ছ্বাস, কত রঙ,
কত হীরেমন নীলাঞ্জনে লুটায়;
আলোকিত আধুনিকার বসনে সাংস্কৃতিক উৎসব,
আর পথকিশোরীর বসনে বাতাসের স্বাধীনতা -
শকুনের আনাগোনা,
পথের ধুলোতে থাকা নিরন্ন শিশুর -
চোখের পান্তায় ঘাই মারে রূপোলী ইলিশ, বারে বারে
তাই মেলার মাঠে বোতল কুড়োতে কুড়োতে তার হাত -
অজান্তেই চলে যায় ভদ্রলোকের পকেটে, আর প্রহার,
ভেতর - বাহির রক্তাক্ত তার;
বিবেকের অবশিষ্ট ক্লেদ হ'তে উঠে আসা -
সর্বশেষ স্লোগান, মিলিয়ে যায় ভোগবাদের হুংকারে,
তাদের শৈল্পিক নাটুকেপনায়
প্রধান অতিথি পহেলা বৈশাখ,
তবু বৈশাখ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন