সোমবার, ১২ এপ্রিল, ২০১০

কথন : ১২ এপ্রিল ২০১০

শব্দরা কেবল পালায়
ঘর ছাড়ি, ছাড়তে হয়
নেহাত এজন্যেই
ভাল্লাগেনা তোদের শহর আর
সভ্যতার উগ্র গন্ধ আমায় কাঁদায়,

পৌনঃপুনিক হোঁচটে
তোদের গড়া ইমারতগুলোয় হাঁ করে তাকানো -
মুগ্ধতার ভান করা,
তবে ঘাসফুল-গন্ধে মাতাল মনে মুগ্ধতা আসে না,
মুগ্ধতা মূলতঃ নেই,

বিলবোর্ডের স্তনে আধুনিকতার দুর্দান্ত উৎসব
তবু বড় রূক্ষ, বড় স্থূল এই যাপিত জীবন,
তোদের ভাবাতে, তোদের কাঁপাতে
প্রত্যেকের জন্য একটা ক'রে অশ্লীলতা চাই, তাই-
পয়মন্ত ভাবনারা অশ্লীলতা ছোঁবে,
ওদের হবে বুড়িগঙ্গায় বিসর্জন -
দোহাই বুড়িগঙ্গার ক্লেদ
টের যেন না পায় কর্তৃপক্ষ -
ভাবনারা অশ্লীলতা বুঝুক
সস্তা সুখ চেটে নিতে শিখুক ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন