সোমবার, ১২ এপ্রিল, ২০১০

ধূমশলাকার পূজারী

আসুন, গল্প শুনুন
সীমাবদ্ধ একজন, ভাবনা অসীম
অস্থির দুখবিলাসী এক
ধূমশলাকার পূজারী,
ধোঁয়ার কুয়াশায়, তিনি -
হাঁটেন, হয়ে লুসিফর;
দুপুর আহার তার -
চৌকোণা দুটি রুটি
শেষে, তবু অবশিষ্ট আধেক,
ছেঁড়া খামে লিখে যান, সচেতন মস্তিষ্কে -
ঢালেন উত্তপ্ত চা, সদ্যোজাত কবিতায়;
এরপরও তিনি কবি এবং কবি ।

দৃষ্টিতে, তার আকাশে তাকানো মৃত -
পিষে যাওয়া ফুল, শুয়ে থাকা পাতা,
ধূমশলাকার লাশ...
রাত বড়ো ঘুমহীন, যাতায়াতময়,
সকাল মূর্ছিত, দুপুর জরাগ্রস্ত,
বেদনার বিকেল ছোটে উত্তপ্ত কবিতায়,
ভীনদেশী গানে, ধোঁয়ার ক্যালকুলাসে,
রীতিমতো ছেলেমানুষ, অ-বৈষয়িক,
তবু অনায়াসে তারে ভালবাসা যায়,
রাখা যায় হাত, তার সংবেদনশীল কাঁধে -
কেননা তিনি কবি এবং কবি
পাশাপাশি ধূমশলাকার পূজারী ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন