সমুদ্রবাড়ি যাব হেঁটে
সঙ্গে যাবে ক'খানা শীত আর বসন্ত
পাড়ি দিয়ে হাজার ক্রোশ মেঠোপথ, আলপথ
সমুদ্রবাড়ি যাব
পার হয়ে শত শত মাঠ, সর্ষেক্ষেত,
ধনেপাতা সুখ,
রাঁধাচূড়া ঝোপ,
সমুদ্রবাড়ি যাব
প্রতীক্ষায় কুমারী সৈকত;
সারি সারি ভুট্টার ক্ষেত, রূক্ষ শুষ্ক মাঠে
জড়োসড়ো হয়ে বাঁচে বিন্নি ধানের চারা,
কিষাণীর অশ্রু ছলকে মেশে ভোরের শিশিরে,
লাউয়ের মাচান হতে উঁকি দেবে কাঠবিড়ালের ছানা,
বাথানের মায়া ভুলে বাঁশিতে দরিয়ার ঢেউ তুলে
আকাশ ছোঁবে রাখাল,
এঁকে বেঁকে গ্রামের পর গ্রাম ধুয়ে
কলকল নদী আমার সঙ্গে
সমুদ্রবাড়ি যাবে,
ঘাটে ঘাটে তাই বাঁদিয়ার উৎসব;
সমুদ্রবাড়ি যাব,
চেটেপুটে নুনপানি শুভ্র ফেনার ঢেউ
গাভীন হবে কুমারী সৈকত,
গাঙচিল স্বপ্ন,
কচ্ছপ সাধ,
সমুদ্রবাড়ি যাব
গেলে যাক শীত-বসন্ত
যত খুশি, যত দূর ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন