বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০১০

প্রিয় নুরুন্নাহার (২৫ মার্চ ২০১০)

কিছুক্ষণ হল, গুঞ্জন থেমেছে কারখানার
পুরাতন কেরোসিনের গন্ধে বেলাশেষের ক্লান্তি
আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে ঘামে ভেজা শরীর
তবু ঘুম নেই,
তোমার আমার বোনা যৌথ স্বপ্নগুলোর ভবিষ্যত
আমাকে ভাবায়,
নিকোনো উঠোন, গাঁদাফুল-নয়নতারার ঝোপ
একটি বকুলগাছ, তোমার গায়ের গন্ধ
ভেসে আসে হাজার হাজার মাইল,
তুমি বোধহয় কাঁদছ...

বছর ঘুরে গেল
হালকা খবর আসে
ওইপাড়ে কিছু একটা হযে গেছে বড়সড়
যুদ্ধ বাঁধেনি তো...
আদৌ নিশ্চিত নই
চিঠিখানা তোমার হাতে পৌঁছুবে কিনা,
বুকের ভেতর চাপা ভয়
কি হবে জানিনা কিছুই,

রোজ সাইরেনের চিৎকারে ঘুম ছুটে যায়
মাঝে মাঝে দুঃস্বপ্নেও... তারপর,
প্রতিটি দিন একই রকম, যান্ত্রিক, যন্ত্রণার,
ভাবনার শক্তিটাও চুরি যায় কখনও কখনও,
শেখ মুজিব কি পারবে...
দেশে ফেরার কোন পথ নেই
কিছু একটা হয়েছে বোধহয়..
বাবা-মা-বোনটা,
তুমি-আমাদের যৌথ স্বপ্নগুলো
সব কি আছে, জায়গামতোন...
সূর্য কি আলো দিচ্ছে আগের মতন ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন