বুধবার, ২৪ মার্চ, ২০১০

বেঁচে থাকার বৈধতা (২৪ মার্চ ২০১০)

একটি ভ্রূণের সাফল্যের পেছনে
চাপা পড়ে থাকে -
আরো অসংখ্য সম্ভাবনার মৃত্যু,
আর একটি শিশুর আগমনী আনন্দে
চাপা পড়ে যায় জন্মদাত্রীর যন্ত্রণা ;
কত যুদ্ধে, কত সংগ্রামে
রাশি রাশি দুঃস্বপ্ন পাশে ঠেলে
শুভ্র, সুন্দর, আর অর্থবহ কিছু স্বপ্ন নিয়ে
একটি শিশু সম্পূর্ণ মানুষ হয়,
আলাদা মানুষগুলো কাঁধে কাঁধ মিলায়
সভ্যতা গড়ে পৃথিবীতে, বাঁচে ;
তবু এই বেঁচে থাকার বৈধতা কতটুকু ।

পৃথিবীর স্থল - বায়ু - জল
যোগ্যতমের অধিকার,
ব্যর্থ এবং মৃতদের
দেহাবশেষের উপর দাঁড়িয়ে -
মানুষ বেঁচেছে, বেড়েছে, সভ্য হয়েছে,
সভ্য মানুষ পা ফেলল
নতুন নতুন সভ্যতার জন্ম দিল -
বিগত সভ্যতার ধ্বংসস্তূপের উপর,
কিন্তু তার চলার পথে
কখনও ঘাস জন্মাল না ।

সবুজ বন ছিল, বুনোফুল ছিল,
পাহাড় ছিল, তার গায়ে -
ঝরণা আর মেঘ ছিল,
আধুনিক মানুষের সঙ্গমে
পুড়ে গেল বনের পর বন
ধ্বংস হল পাহাড়ের পর পাহাড়,
গাঢ় নীল আকাশ
হয়ে গেল ধোঁয়াটে, বিষণ্ন,
পর্যাপ্ত দূষণে দূষিত আজ
পৃথিবীর স্থল - বায়ু - জল,
দূষিত আকাশ হতে বৃষ্টির মতন -
আগুন ঝরছে কেবল ।

ক্রমশঃ কোন হরিণ থাকবেনা
ক্রমশঃ কোন দোয়েল উড়বেনা
কখনও কোন শাপলা ফুটবেনা
বিষাক্ত স্রোতে আসবেনা বেড়াতে -
কোনদিন রূপোলি ইলিশ,
ধীরে ধীরে মৃত পৃথিবীর
জরায়ূ চিরে জাগবে প্রকৃতি
ফুঁসে উঠে গুঁড়িয়ে দেবে তাসের সভ্যতা,
হিসেব চাইবে কড়ায় গন্ডায়,
রূল জারি করবে -
আমাদের বেঁচে থাকা কেন অবৈধ হবেনা ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন