সোমবার, ১ মার্চ, ২০১০

ইচ্ছেরা স্বপ্ন হবে

কিছু ইচ্ছেরা স্বপ্ন হবে বলে
ফুটে থাকা রূপোলী ফুলের গভীরে
আলোর সমুদ্রে
সাঁতরে এসেছে, স্বপ্ন হবে,
আংশিক আকাশ পর্যাপ্ত রক্তিম,
প্রাকৃত যন্ত্রণাকে একপাশে ঠেলে,
বিহ্বল কুয়াশায় বিপর্যস্ত অবয়ব -
ম্রিয়মাণ প্রত্যাশাকে উজ্জ্বল বারান্দার
‌আকাঙ্ক্ষিত প্রস্তাবে পুনর্জীবিত করা হবে;
সেই ইচ্ছেরা স্বপ্ন হবে,
হবে স্বল্পায়ু সুখসমূহ যূথবদ্ধ
পারস্পরিক চুম্বন এবং আলিঙ্গনে,
হতাশা এবং বীতশ্রদ্ধতার ফাটলগুলো
মিলিয়ে যাবে শিশির জমতে জমতেই,
আশ্চর্য এক সুখ বসে যাবে
বিষাদের ব্যক্তিগত উঠোনে;
প্রিয় ইচ্ছেরা স্বপ্ন হবে
তারপর ভেঙ্গে যাবে খানখান ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন