শুক্রবার, ৭ মে, ২০১০

পাঁজরের প্রাসঙ্গিক পুঁথি (০৩ মে, ২০১০)

প্রাকৃত সমুদ্রঘ্রাণ পর্যাপ্ত নয় দাসের শরীরে
মনিবের কড়া চোখ মৌলিক লাল সংগত সন্দেহে,
ডানে-বাঁয়ে রাষ্ট্রনীতি অগণন তুমুল আন্দোলন
রক্তিম দূর্বায় সুসজ্জিত বারংবার সময়ের প্রাঙ্গণ,
জাগে মানবিক ঝড় ভিখিরীরা অজগর
বিঃধ্বস্ত সভ্যতা শহর বর্বর,
কালনীর গাঢ় বুক, নিবু নিবু লণ্ঠন
দেবীর শরীর লোটে প্রাজ্ঞ পুরোহিত
প্রাসঙ্গিক দুর্যোগে বিলুপ্ত ঈশ্বর;

নষ্ট সংসার, আদিম মাংসে পুরে কামের শরীর
বালিকা ধর্ষক শেষে মহা বৈষয়িক
নাব্য নিবিড় স্নানে বাক্যরাও জৈবিক
লাঞ্ছিত পৃথিবী, রক্তের বিন্দুতে পর্যাপ্ত স্থির ।।

শুক্রবার, ২৩ এপ্রিল, ২০১০

বৈপরীত্য (২৩ এপ্রিল ২০১০)

তোমার স্নানের জন্য অপেক্ষায় ছিল পৃথিবীর শুদ্ধতম জল
আর সহস্র বৎসর ব্যবধানে কোন জল নেই
তবু আমি সিক্ত নিজস্ব জলে,
শরীরের প্রতিটি অধ্যায়ে সাজিয়েছ এক একটি শিল্প বিপ্লব
এই দ্যাখো আমার গায়ের ক্ষতগুলো
এক একটি যুদ্ধ, এক একটি ধ্বংসের সাক্ষী,

ওই চোখে ছায়া ফেলে পৃথিবীর সমুদয় রূপ
সুন্দর হ'তে তাকাও সুন্দরতরে,
আমার দৃষ্টি খাদ্য খুঁজেছে পাথরের খাঁজে, কয়লাখনির অন্ধকারে
পৌঁছে গেছি ধ্বংসস্তুপের তলায়
পূর্বপুরুষের দেহাবশেষ করেছি আবিষ্কার
তবু উল্লাস করেছি, খাদ্য আমাকে চেনে না
সে খুঁজেছে তোমাকে, তোমার মাংসল ঠোঁটে সে ধন্য,

নিজস্ব জমিনে ভীষণ ব্যক্তিগত চারটে দেয়ালের আড়ালে
তিলে তিলে গড়েছি নিজের সর্বনাশ
আশা-নিরাশার বৈপরীত্যে স্থিতিস্থাপক হয়েছে হৃদয়,
পরিত্যক্ত নগরীর জরাগ্রস্ত উরু বেয়ে নামতে নামতে
তোমায় কামনা করি,
যদিও চারপাশে শোভা পাচ্ছে অনাহারী আর মৃত মানুষের স্তুপ
প্রাচূর্যের পরাকাষ্ঠায় স্থবির জনপদ,
তবু চোয়ালে মাংসের ক্ষুধা, নাব্যতা কমে না
সে কী করে শেকলের বন্দীত্ব স্বীকার করে,

তথাকথিত আরোপিত দার্শনিকতা বিলুপ্ত
তোমায় কামনা করে আমি ফেরারী,
মহাকালের অনিবার্য কাঠগড়ায়
ধ্বংসের আশ্রয়ে বেড়ে ওঠা ঘোলাটে চোখ
বুঁজে আসে শপথের গুরুভারে,
সহস্র বৎসর ব্যবধানে তুমি আবার সভ্যতা গড়ো
আমি বারংবার ভুল ক'রে জন্মাই
খুঁড়ে চলি নিজস্ব কবর
শোষণে আহত হই
যুদ্ধে নিহত ।।

শনিবার, ১৭ এপ্রিল, ২০১০

সকালটা উঠলেই

সকালটা উঠলেই, রাতটাকে মনে পড়ে বড়ো বেশি
দুপুর বিকেল শেষে, সন্ধ্যেটা পাশে বসে
রাতটা উড়ে আসে ভালবেসে
তক্ষুণি মনে হয় সকালটাই ভালবাসি বোধহয়...

বারেবারে যে ফিরে আসে
তাকে মন কী করে ভালবাসে
যাকে চাই, যে আসেনা কখনই
তাকেই তো ভালবাসা যায়
ভালবাসা যায়

বড়ো বেশি রাত করে যে ঘুম নেমে আসে চোখের ঘরে
রূক্ষ দিনের মাঝে সূর্য ভীষণ বা
ভীষণ শীতের দেশে রাত্রিযাপন
পুরনো সে রেডিও বেজে চলে যদিও
এই কি বেশ নয়, জীবনের অপচয়
থেমে যাওয়া ঘড়িটাই বদলে দিচ্ছে গান
শেষমেশ বড়ো একা, নিরিবিলি টিকে থাকা
চুপ করে মরে যাওয়া
ঝরে যাওয়া
চলে যাওয়া

না সেঁজুতি, তুমি অন্য কারও... মেনে নেয়া অসম্ভব

আমি হয়তোবা নেই
তুমি তো আছ
তুমি কি মানতে না কখনই
আমিও ছিলাম,

যদিও ছিলনা বিশেষত্ব কোন
সেই বেঁচে থাকবার
তবু তো ছিলাম,

আমার দেখা সূর্যোদয় কিংবা সূর্যাস্ত
হাতেগোনা, পাহাড়
দেখা হয়েছে একবার,
সাগর দেখিনি...
তবু তো ছিলাম,

তুমি তিলোত্তমা ছিলে, আজও আছ,
আমি কিছুই ছিলাম না
তবু তো জড়িয়েছিলাম...

এক জোছনায়, দুধ শাদা ফুল
তোমার খোঁপায় পরিয়েছিলাম...

ছিলাম, ছিলাম
নাই বা মানো আজও আছি ।।

এখন আমার জীবন যাপন (২৮ ডিসেম্বর, ২০০৯)

ক্যালেন্ডারটা হঠাৎ দেখি, চমকে উঠি
অনেকটা দিন ভালই আছি, ভালই লাগে
ঠোঁটের ডগায় তিতকুটে চা, না দুধ-চিনি
খামের ভেতর তোমার দেয়া দুটো লাইন,
বেশি কী আর জানতে লাগে, থাকতে ভাল
সহজ আছি, নিরূপদ্রব, সাদামাটা,
কিছুই তো নেই খরচ করার ছোট্ট এই জীবন ছাড়া,
হঠাৎ যদি একলা লাগে তোমায় ভেবে বাক্য বানাই,
পড়াশুনা ঠিক বুঝিনা, সুখের খোঁজে আর ছুটিনা
মাঝে মধ্যে একটু লিখি, যদি পারি
আর তাছাড়া ঘুরি ফিরি, মানুষ দেখি
কেটে যাচ্ছে সময় যে তার নিজের মতন ।

ভুলে ভরা ছড়া (২৫ ডিসেম্বর ২০০৯)

ভুলে আমার পিতা মাতা ভুল করেছেন
তাইতো আমি ভুল সময়ে জন্মেছিলাম
ভুল গায়েতে জড়িয়ে আমায় ভুল জামাটায়
আমার মাতা ভুল করে ভুল খাইয়েছিলেন,

ভুল শৈশব পার হয়েছি ভুল খেলনায়
ভুল স্কুলেতে ভুলভাবে ভুল পড়তে শেখায়
ভুল সন্ধ্যায় জ্বালিয়ে একা ভুল বাতিটায়
পিতার ভয়ে জোরে জোরে ভুল পড়াটায়
তবু বছর শেষের ভুলের পরীক্ষাতে
একটু ভুলে ভুলভাবে যে ফেল করেছি,

ভুল পাড়াতে সঙ্গে থাকে ভুল সাথীরা
পথের ধারের ভুল গাছেতে ভুল পেয়ারা
ভুল নদীতে ভুল সাঁতারে গোসল হত
ভুল পাহারে ভুল করে মন হারিয়ে যেত
ভুল বিকেলে ভালবেসে ভুল মেয়েটা
ভীষণ ভুলে ভাল্লাগেনা এটা-সেটা,

পড়াশোনার ভুল বোঝাটা নামার পরই
ভুল চাকুরীর ভুল শেকলে বন্দী হলাম
ভুল ফাইলে ভুল চেকেতে সইয়ের ভুলে
ভুল টেবিলে ভুল চেয়ারে আটকে গেলাম

ভুল বিবাহ ভুল রমণী ভুলের বাসর
ভুলের সাগর উথলে ওঠে সমস্ত ঘর
আমার ও তার মনের ভুলে ভুল যে হল
আমার শিশুও ভুল প্রভাতে জন্ম নিল
ভুল আদরে বাড়ল আমার ভুল ছেলেটা
ভুল দৃষ্টি চক্ষেতে ভুল চশমা আঁটা,

আয়না দেখি হচ্ছি বুড়ো ভুলের শরীর
ভুল টাকেতে ভুল চিরুনি ব্যামোদের ভীড়
হয়তো ঐযে ভুল সময়ে ভুলটা হবে
ভুল পৃখিবী ছেড়ে ভুলে মরতে হবে ।

বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০১০

তবু বৈশাখ : ১৫ এপ্রিল ২০১০

আসে বৈশাখ
দহনে পোড়াতে জীবন
ঝড়ে উড়াতে ঘর
বরণে তবু তার কত আড়ম্বর
কত উচ্ছ্বাস, কত রঙ,
কত হীরেমন নীলাঞ্জনে লুটায়;
আলোকিত আধুনিকার বসনে সাংস্কৃতিক উৎসব,
আর পথকিশোরীর বসনে বাতাসের স্বাধীনতা -
শকুনের আনাগোনা,
পথের ধুলোতে থাকা নিরন্ন শিশুর -
চোখের পান্তায় ঘাই মারে রূপোলী ইলিশ, বারে বারে
তাই মেলার মাঠে বোতল কুড়োতে কুড়োতে তার হাত -
অজান্তেই চলে যায় ভদ্রলোকের পকেটে, আর প্রহার,
ভেতর - বাহির রক্তাক্ত তার;

বিবেকের অবশিষ্ট ক্লেদ হ'তে উঠে আসা -
সর্বশেষ স্লোগান, মিলিয়ে যায় ভোগবাদের হুংকারে,
তাদের শৈল্পিক নাটুকেপনায়
প্রধান অতিথি পহেলা বৈশাখ,
তবু বৈশাখ ।